বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ক্যাম্পাস

দুইটি জরিপে উঠে এল ডাকসুর চিত্র, প্রার্থীদের মধ্যে নিরপেক্ষতা নিয়ে সংশয়

নিজস্ব প্রতিবেদন ০৬ সেপ্টেম্বার ২০২৫ ০৬:১৮ পি.এম

সংগৃহীত সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে দুই দিনে দুটি জরিপ প্রকাশ করেছে দুটি সংগঠন। দুই জরিপেই ছাত্রশিবির এগিয়ে রয়েছে বলে উঠে এসেছে।

অবশ্য জরিপ দুটির ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছে অন্য প্যানেলগুলো। তারা বলছে, এসব জরিপ নিরপেক্ষ নয়। ছাত্রশিবিরের পক্ষের লোকেরা এসব জরিপ প্রকাশ করছে। জরিপকারী একটি সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শিবিরের প্যানেল থেকে ডাকসু নির্বাচনে সদস্য পদে অংশ নিচ্ছেন।

ন্যারেটিভ নামের একটি প্ল্যাটফর্ম শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে জানায়, তারা ৫২৬ শিক্ষার্থীর ওপর জরিপটি করেছে। গত ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত জরিপে তথ্য সংগ্রহ করা হয়।

জরিপে প্রশ্ন ছিল ডাকসু নির্বাচনের শুধু তিন শীর্ষ পদ—সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) নিয়ে। জরিপে ১৪টি হলের শিক্ষার্থীদের কাছ থেকে দৈবচয়নের ভিত্তিতে তথ্য নেওয়া হয়। প্রতিটি হল থেকে তথ্য নেওয়া হয় গড়ে ৩৮ জনের কাছ থেকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংখ্যা ১৯। ছাত্রদের ১৪টি আর ছাত্রীদের ৫টি। জরিপে ছেলেদের ১০টি ও মেয়েদের ৪টি তথ্য থেকে নমুনা নেওয়া হয়েছে। অনাবাসিক শিক্ষার্থীদের মতামত নেওয়া হয়নি। ভোটারদের বেশির ভাগ অনাবাসিক।

সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল তুলে ধরেন ন্যারেটিভের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ মোহাম্মদ রুহেল। তিনি জানান, ডাকসুতে ভোট দিতে আগ্রহী শিক্ষার্থীদের সংখ্যা প্রায় ৯৫ শতাংশ। বাকি ৫ শতাংশ আগ্রহী নন।

ভিপি পদে কাকে ভোট দেবেন, তা নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি প্রায় ২৫ শতাংশ শিক্ষার্থী। বাকি ৭৫ শতাংশ সিদ্ধান্ত নিয়েছেন।

যাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের মধ্যে ভিপি পদে প্রায় ৪২ শতাংশ শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আবু সাদিক কায়েমকে ভোট দেওয়ার কথা বলেছেন বলে ন্যারেটিভের দাবি। সংগঠনটি আরও জানিয়েছে, স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেনকে ভোট দেবেন সাড়ে ১৬ শতাংশ শিক্ষার্থী।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানকে ১৪ এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্রার্থী উমামা ফাতেমাকে প্রায় ৯ শতাংশ শিক্ষার্থী ভোট দেওয়ার কথা বলেছেন। ৮ শতাংশ শিক্ষার্থী বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদেরকে ভোট দেওয়ার কথা বলেছেন। অন্য প্রার্থীদের ভোট দেওয়ার কথা বলেছেন ১১ শতাংশ শিক্ষার্থী। উল্লেখ্য, এই প্রতিবেদনে কিছু ক্ষেত্রে শতাংশকে পূর্ণ সংখ্যায় দেখানো হয়েছে।

জিএস পদে কাকে ভোট দেবেন, তা ঠিক করছেন ৬৬ শতাংশ শিক্ষার্থী। তাঁদের মধ্যে শিবিরের এস এম ফরহাদকে সাড়ে ৩২, ছাত্রদলের শেখ তানভীর বারি হামিমকে ১৬, স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরীকে ১৬, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আবু বাকের মজুমদারকে প্রায় ১৪ ও সাত বাম ছাত্রসংগঠনের যৌথ প্যানেল প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসুর পক্ষে ৯ শতাংশ শিক্ষার্থী ভোট দেওয়ার কথা বলেছেন। অন্য প্রার্থীরা পাবেন সাড়ে ১২ শতাংশ ভোট।

এজিএস পদে ভোট কাকে ভোট দেবেন, তা ঠিক করেছেন ৫৯ শতাংশ শিক্ষার্থী। জরিপে দাবি করা হয়েছে, এজিএস পদেও বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন শিবিরের মুহা. মহিউদ্দীন খান। তিনি পাবেন প্রায় ৫৩ শতাংশ ভোট। ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ প্রায় ১৬, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আশরেফা খাতুন ৯, বামদের প্রতিরোধ পর্ষদের জাবির আহমেদ জুবেল ৪, সমন্বিত শিক্ষার্থী সংসদের ফাতেহা শারমীন (এ্যানি) ৪ এবং অন্য প্রার্থীরা ১৪ শতাংশ ভোট পাবেন।

জরিপে যে চারটি হল বাদ দেওয়া হয়েছে, সেগুলো হলো কবি সুফিয়া কামাল হল, মাস্টারদা সূর্য সেন হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ও সলিমুল্লাহ মুসলিম হল। জরিপকারীরা বলছেন, এসব হলে তাঁদের প্রতিনিধি জোগাড় করতে না পারায় তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।

জরিপের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করা হলে ন্যারেটিভের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ মোহাম্মদ রুহেল বলেন, তাঁরা সর্বোচ্চ নিরপেক্ষ থেকে জরিপ করার চেষ্টা করেছেন। তবে সব জরিপে কিছু না কিছু ব্যত্যয় থাকে।

প্রথম জরিপ শুধু ভিপি পদ নিয়ে

এর আগে শুক্রবার সোচ্চার নামের একটি সংগঠন একটি জরিপ প্রকাশ করে। অনলাইনে গুগল ফরমের মাধ্যমে গত ১ থেকে ২০ আগস্ট ৯৯১ জনের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। জরিপটিতে শুধু ভিপি পদে কোন সংগঠনের প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, তা তুলে ধরা হয়।

জরিপে বলা হয়, শিবিরের প্রার্থীর প্রতি সমর্থন রয়েছে ৩২ শতাংশ শিক্ষার্থীর। আর স্বতন্ত্র প্রার্থীর প্রতি সমর্থন রয়েছে ২২ শতাংশের। ছাত্রদলের প্রার্থীর প্রতি সমর্থন রয়েছে ৭ শতাংশ শিক্ষার্থীর। ৩৪ শতাংশ শিক্ষার্থী বলেছেন, তাঁদের কোনো মতামত নেই। বাকি ৫ শতাংশের বিষয়ে সোচ্চারের করা জরিপের সারসংক্ষেপে কিছু উল্লেখ করা হয়নি।

জরিপ দুটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, শিবিরের নিজেদের লোকজন এসব জরিপ করে তাতে নিজেদের এগিয়ে রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব বিষয়ে বিভ্রান্ত হবেন না। তাঁরা ব্যালটের মাধ্যমে এর প্রমাণ দেবেন।

জরিপকারীরা কারা

জরিপ পরিচালনাকারী সংগঠন ন্যারেটিভের সঙ্গে ছাত্রশিবিরের সাবেক কয়েকজন নেতা-কর্মীর সংশ্লিষ্টতা আছে, ক্যাম্পাসে এমন আলোচনা রয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের পর ‘ন্যারেটিভ’ নামের সংগঠনটির ব্যানারে বেশ কিছু আলোচনা অনুষ্ঠান হয়। ১৪ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রথম আলোচনা অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘জুলাই গণ-অভ্যুত্থান ও তৎপরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার: প্রাপ্তি, প্রত্যাশা, আগামীর বাংলাদেশ ও অন্যান্য’। সেখানে অন্যতম আলোচক ছিলেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ।

২০২৪ সালের ১৬ অক্টোবর ন্যারেটিভের উদ্যোগে আরেকটি আলোচনা অনুষ্ঠান হয়, যার শিরোনাম ছিল ‘জুলাই গণবিপ্লব পরবর্তী ছাত্ররাজনীতি: প্রসঙ্গ ছাত্রশিবির’। এই আলোচনায় আলোচকদের মধ্যে ছিলেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদ এবং সাবেক কর্মী মোহাম্মদ ইশরাক।

বিষয়টি নিয়ে জানতে চাইলে শিবিরের প্যানেলের এজিএস প্রার্থী মহিউদ্দীন খান বলেন, জরিপ দুটি শিবিরের দ্বারা প্রভাবিত বলে যে দাবি করা হচ্ছে, তা সঠিক নয়। জরিপে শিবিরের প্রার্থীরা অনেক বেশি এগিয়ে রয়েছেন বলে উঠে এসেছে। যদিও তাঁর মত, এত বেশি পার্থক্য হওয়ার কথা নয়।

জরিপ পরিচালনাকারী সংগঠন সোচ্চারের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আনাস বিন মুনির। তিনি ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে এবারের ডাকসু নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়েছেন।

আনাস বিন মুনির বলেন, জরিপটি করেছে সোচ্চারের বাংলাদেশ শাখা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। জরিপের সঙ্গে তাঁর সম্পর্ক নেই।

অন্য প্রার্থীরা যা বলছেন

যে প্রক্রিয়ায় জরিপ করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে উল্লেখ করে বামপন্থী সাত ছাত্রসংগঠন সমর্থিত প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ (ইমি) বলেন, অনলাইনে গিয়ে তো শিবির ছাড়া কিছু দেখা যায় না। তাদের এত এত বট আইডি (ভুয়া ফেসবুক আইডি)। কিন্তু বাস্তব চিত্র তো ভিন্ন।

বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারও জরিপের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘দুটি জরিপ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে যথেষ্ট প্রশ্ন তৈরি হয়েছে। শিক্ষার্থীরা এই জরিপ দুটোর ওপর আস্থা রাখছে না বলেই আমরা শুনছি। এর নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন রয়েছেই।’

ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর মঙ্গলবার। প্রচারের শেষ দিন রোববার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তৌহিদুল হক বলেন, একটি জরিপে শিক্ষার্থীদের কোনো অংশকে অন্তর্ভুক্ত করা হয়েছে, কোনো অংশকে হয়নি। এর যুক্তি কী, সেটা স্পষ্ট নয়। দৈবচয়নের ভিত্তিতে সবার প্রতিনিধিত্ব নিশ্চিত করা হলে তার একটা গ্রহণযোগ্যতা তৈরি হতো। তিনি বলেন, নির্বাচনের আগে ভোটারদের মনোজগৎকে প্রভাবিত করার জন্য এ ধরনের জরিপ করা হয়ে থাকে। এর উদ্দেশ্য রাজনৈতিক।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে বিনামূল্যে রাশিয়ান ভাষা সার্টিফিকেট কোর্স সম্পন্ন

news image

ঢাবি ছাত্রদল নেতা শাওনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, মামলা দায়ের

news image

ডাকসুর উদ্যোগে নিয়মিত শরীরচর্চা প্রোগ্রাম চালু

news image

চাকসু নির্বাচনের ৯৩৬ জন প্রার্থীর সকলের ডোপ টেস্ট রিপোর্ট নেগেটিভ

news image

জবির রেজিস্ট্রার দপ্তরে ব্যাপক রদবদল, জানেন না উপাচার্য

news image

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

news image

রাবিতে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

news image

ফজলুর রহমানের বিরুদ্ধে ঢাবিতে মানববন্ধন

news image

ঢাবি উপাচার্যকে নিয়ে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদ কর্তৃপক্ষের

news image

বিএনপি নেতা ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলল ডাকসু

news image

আমির হামজার বক্তব্য খুবই পরিকল্পিত: আব্দুল কাদের

news image

আমির হামজার ভর্তি হওয়ার দাবি মিথ্যা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন

news image

ছাত্রদল নেতার নেতৃত্বে অবৈধ দোকান উচ্ছেদ

news image

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবিতে পোষ্য কোটা স্থগিত

news image

ডাকসু নির্বাচন নিয়মিত করার উদ্যোগ নিতে হবে: ভিপি সাদিক কায়েম

news image

জকসু নির্বাচন ২৭ নভেম্বর

news image

জাকসু নির্বাচনে ২৫ পদের ২০টিতেই জিতল শিবিরসমর্থিত প্যানেল

news image

জাকসুর ভিপি হলেন আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম

news image

জাকসু নির্বাচন হল সংসদের শীর্ষ পদে জয়ী হলেন যারা

news image

জাকসু নির্বাচন হল সংসদের শীর্ষ পদে জয়ী হলেন যারা

news image

জাকসু নির্বাচনের ফল ঘোষণা শুরু

news image

সন্ধ্যা ৭টার মধ্যে ফল ঘোষণার আশা জাকসু নির্বাচন কমিশনের

news image

জাবিতে রবিবার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ

news image

জাকসুর ফল ঘোষণা করতে শুক্রবার সকাল হতে পারে

news image

জাকসু নির্বাচন বর্জনের পর রাতে বিক্ষোভ মিছিল ছাত্রদলের

news image

চাকসুর আলোচনা সভায় হট্টগোল, শেষ মুহূর্তে ছাত্রদলের সভা বর্জন

news image

জাকসুর ভোট গ্রহণ শেষ, এখন গণনার পালা

news image

কারচুপির অভিযোগ এনে জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল

news image

ডাকসু নির্বাচন: শাহবাগে শিবির সমর্থকদের উচ্ছ্বাস, বিজয় মিছিলের প্রস্ততি

news image

ডাকসুর ৪ হলের ফল ঘোষণা: সাদিক কায়েম ৩৭২১, আবিদ ৯৪৪